
ভালুকায় বাঁকা খাল পুনঃখননের কাজ শুরু
প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ও মেদুয়ারী ইউনিয়নে রুপির খাল থেকে খীরুনদী পর্যন্ত বাঁকা খালের ৫ দশমিক ৯ কিলোমিটার পুনঃখনন কাজ শুরু হয়েছে।
দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসন, পানি প্রবাহ স্বাভাবিককরণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগকে স্থানীয়রা সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি প্রকল্পের আওতায় পিআইসি কমিটির মাধ্যমে ১ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজ আগামী ৩০ জুনের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য মোঃ ফখর উদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রকল্প সভাপতি মোঃ মুঞ্জুরুল হক পাঠান বলেন, “দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছিল। পুনঃখনন কাজ সম্পন্ন হলে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং পরিবেশের উন্নয়ন ঘটবে।”
মেদুয়ারী ইউনিয়ন পরিষদের সদস্য ও প্রকল্প সভাপতি (২) মোঃ উমর ফারুখ বলেন, “খালটি পুনঃখনন হলে বর্ষা মৌসুমে পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ সৃষ্টি হবে। এতে কৃষক, মৎস্যচাষি ও সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন। এলাকার সামগ্রিক উন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহিদুল আলম জানান, নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যে কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে। একই সঙ্গে কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন বলেন, “খাল পুনঃখননের মাধ্যমে এলাকার পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং স্থানীয় জনগণ সরাসরি উপকৃত হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এ ধরনের জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, খালটির পুনঃখনন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে, কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। তারা দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয়- সংসদ সদস্য মোঃ ফখর উদ্দিন আহমেদ বলেন, “সরকার গ্রামীণ অবকাঠামো ও পানি ব্যবস্থাপনার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। বাঁকা খালের পুনঃখনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার কৃষি, পরিবেশ ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”