ভোগান্তির আরেক নাম নরসিংদী সদর হাসপাতাল
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:১৯ পিএম (ভিজিট : ০)

X
ছবি : প্রতিনিধি
দালালচক্রের দৌরাত্ম্য, চিকিৎসক ও জনবলের সংকট, প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতির অভাব এবং অপরিচ্ছন্ন পরিবেশ—সব মিলিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন নরসিংদী জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। জেলার সরকারি চিকিৎসাসেবার প্রধান ভরসা ১০০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালটি প্রতিদিন শত শত রোগীর চাপ সামাল দিলেও নানা সীমাবদ্ধতায় কাক্সিক্ষত সেবা নিশ্চিত করা যাচ্ছে না।
রোগীদের অভিযোগ, হাসপাতালে প্রবেশের পর থেকেই সক্রিয় দালালচক্র বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রোগী নিয়ে যাওয়ার চেষ্টা করে। দীর্ঘক্ষণ অপেক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের সংকট এবং অপরিচ্ছন্ন পরিবেশ তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিচ্ছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির বলেন, দালালদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলেও তারা বিভিন্ন কৌশলে আবার সক্রিয় হয়ে ওঠে। এছাড়া চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবলের ঘাটতির পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকটের কারণে সেবাদানে কিছুটা বিঘ্ন ঘটছে।
নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবির জানান, জনবল বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে হাসপাতালের সেবার মান উন্নয়নে কাজ চলছে।
তবে রোগীর তুলনায় জনবল, অবকাঠামো ও চিকিৎসা সরঞ্জামের দীর্ঘদিনের ঘাটতি দ্রুত দূর করে নরসিংদী সদর হাসপাতালকে দালালমুক্ত, পরিচ্ছন্ন ও রোগীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী রোগী ও সচেতন নাগরিকরা।