ভোলায় নৌযান শুমারি উপলক্ষে অবহিতকরণ সেমিনার
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:১৯ পিএম আপডেট: ০২.০৮.২০২৬ ৬:২২ পিএম (ভিজিট : ২)

X
ভোলায় নৌযান শুমারি উপলক্ষে অবহিতকরণ সেমিনার
ভোলায় নৌযান শুমারি–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়। রবিবার (২ আগস্ট) সকালে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ভোলা কার্যালয় এই সেমিনার আয়োজন করেন। ইঞ্জিন চালিত নৌযান নিয়ে ডেটাবেজ তৈরির লক্ষ্যে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি-২০২৬। মূলত দেশের নৌ খাতের প্রকৃত চিত্র তুলে ধরা, নৌ-নিরাপত্তা জোরদার এবং জেলে ও নৌ-শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ শুমারি হচ্ছে।
দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের একটি সমন্বিত ও নির্ভুল তথ্যভান্ডার তৈরির লক্ষ্যে আগামী ২০ থেকে ২৯ আগস্ট দেশব্যাপী অনুষ্ঠিত হবে নৌযান শুমারি।
সেমিনারে প্রেজেন্টেশন উপস্থাপনা করেন জেলা পরিসংখ্যানি অফিস, ভোলা এর উপপরিচালক মাকসুদুর রহমান। এসময় বক্তব্য রাখেন ভোলা সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: বেলাল হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো: শাহ আব্দুর রহিম নুরন্নবী প্রমূখ। এছাড়াও সেমিনারে নৌ অধিদপ্তর, নৌ পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তর প্রধান, নৌযান মালিক সমিতি, নৌযান শ্রমিক সমিতি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ অংশগ্রহন করেন।