
আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবার নতুন চলচ্চিত্র ‘গুলশানের চামেলি’-তে অভিনয় করতে পারেন। রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে নির্মাণাধীন এ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের বিষয়ে নির্মাতাদের সঙ্গে তার আলোচনা চলছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বাঁধন বলেন, “হ্যাঁ, সিনেমাটি নিয়ে আমার সঙ্গে কথাবার্তা চলছে। সম্ভবত আগামী ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এখানে আমি একজন মানবাধিকারকর্মী, অর্থাৎ আইনজীবীর চরিত্রে অভিনয় করছি।”
জানা গেছে, ‘গুলশানের চামেলি’-র গল্প আবর্তিত হয়েছে এক যৌনকর্মীর জীবনকে কেন্দ্র করে। কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলায় বারবার নিপীড়নের শিকার হওয়া এক নারীর জীবনসংগ্রাম, সমাজের বৈষম্য, রাজনৈতিক প্রভাব এবং অভিজাত শ্রেণির অন্ধকার বাস্তবতা সিনেমাটিতে তুলে ধরা হবে।
এর আগে ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। নারীপ্রধান এ চলচ্চিত্রে তিনিই প্রধান চরিত্রে অভিনয় করবেন। নির্মাতারা জানিয়েছেন, প্রচলিত বাণিজ্যিক চলচ্চিত্রের ধারা থেকে বেরিয়ে এ সিনেমায় কোনো প্রচলিত নায়ক থাকছে না; বরং একজন নারীর সংগ্রাম, বেঁচে থাকার লড়াই এবং তার জীবনের নানা বাঁকই হবে গল্পের মূল উপজীব্য।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী নভেম্বর বা ডিসেম্বরে বাংলাদেশে শুরু হবে ‘গুলশানের চামেলি’-র শুটিং। আর আগামী ১ আগস্ট সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সমসাময়িক সামাজিক বাস্তবতা, ক্ষমতার অপব্যবহার এবং মানবাধিকার ইস্যুকে কেন্দ্র করে নির্মিত হতে যাওয়া এ চলচ্চিত্রটি ইতোমধ্যেই দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।





