মরণফাঁদে পরিণত ঈশ্বরদী রেলওয়ে গেট, ঝুঁকি নিয়েই চলছে যানবাহন
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১:৪৬ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
ঈশ্বরদীর গুরুত্বপূর্ণ স্থান রেলওয়ে গেট সংলগ্ন সড়কে একাধিক গর্তের সৃষ্টি হয়েছে। ভারি যানবাহন চলাচলের দরুন সৃষ্ট এসকল গর্তে বৃষ্টির পানি জমে স্থানটি দূর্ঘটনা প্রবন এলাকায় পরিনত হয়েছে। তবে কর্তৃপক্ষের উদাসীনতাকে দুশছেন ভুক্তভোগীরা। গুরুত্বপূর্ণ এসড়কটি এখন মৃত্যু ফাঁদ দাবি করে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
সরেজমিনে গিয়ে দেখাযায়, ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরদীস্থ রেলওয়ে গেটের পশ্চিম পার্শ্বের গার্লস স্কুল এ্যান্ড কলেজ মোড় থেকে রেলওয়ে গেট পর্যন্ত ছোট বড় মিলিয়ে একাধিক গর্তের সৃষ্টি হয়েছে। সৃষ্ট গর্ত গুলোতে ইট ফেলে ভরাটের চেষ্টা করলেও যানবাহন চলাচলে তা নষ্ট হয়ে গর্তে পরিনত হয়েছে। সৃষ্ট সেই গর্ত গুলোতে বৃষ্টির পানি জমে গেছে।
বৃষ্টির পানিতে ভরাট গর্তগুলোর গভীরতা নির্ণয় করতে না পেরে ঝুঁকিতে পরছে যানবাহন চালকরা। চালকদের দাবি গর্তের গভীরতা না জেনে পানি ভর্তি গর্তে গাড়ি নামানো টা আত্মঘাতি সিদ্ধান্তের সামিল। পানিতে লুকিয়ে থাকা এই গর্তের ফলে গাড়ি উল্টে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

বাস চালক মো: উজ্জল হোসেন জানান, ঈশ্বরদী শহরের প্রবেশদ্বারে সড়কে সৃষ্ট এমন গর্তে আমাদের সমস্যা পড়তে হচ্ছে। বিশেষ করে রাতে গাড়ি চালানোর সময় এই গর্তে পড়ে গাড়ীতে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। উচ্চ বাজেটের এই সড়কটি কয়েক মাসেই এত খারাপ অবস্থার কারন খতিয়ে দেখতেও তিনি সংশ্লিষ্টদের অনুরোধ জানান।
সিএনজি চালক মনির বলেন, ঈশ্বরদীর মত এত ব্যস্ততম শহরের প্রবেশদ্বারে রাস্তার এমন অবস্থা সত্যিই শঙ্কার। এই ভাঙ্গা রাস্তার জন্য আমাদের গাড়ির ডেমারেজ বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করা এই রাস্তাটি দ্রুত মেরামতের দাবি জানান তিনি।
জানতে চাইলে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, ঈশ্বরদী উপজেলাধীন রোডস্ এ্যান্ড হাইওয়ে এবং এলজিইডির আওতাধীন সকল ক্ষতিগ্রস্থ সড়ক ও মহাসড়ক গুলো মেরামতের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। কিছুদিনের মধ্যেই মেরামতের কাজ শুরু হবে। রাজশাহী ঈশ্বরদী আঞ্চলিক সড়কের ঠিকাদারি প্র্রতিষ্ঠানের কোন গাফিলতি থাকলে সেটাও খতিয়ে দেখা হবে।