শেরপুরের নালিতাবাড়ীতে কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টার থেকে কম্পিউটার, টেলিভিশন, এসি, জেনারেটরের যন্ত্রাংশসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে প্রায় ২ লাখ টাকার চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।
গত ১১ নভেম্বর নালিতাবাড়ী থানায় মামলা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াছমীন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। দণ্ডবিধির ৪৫৭ ও ৩৮০ ধারায় মামলাটি করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, নালিতাবাড়ী শহরের থানা ও বালিকা বিদ্যালয়সংলগ্ন এলাকায় অবস্থিত কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টারটির কার্যক্রম প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে। ভবনটিতে কোনো নিরাপত্তাপ্রহরী নেই। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় সিসি ক্যামেরাগুলোও অকার্যকর। এই সুযোগে বেশ কিছুদিন ধরে ভবনটি থেকে পর্যায়ক্রমে বিভিন্ন মালামাল চুরি হচ্ছিল।
গত ১০ নভেম্বর পাশের একটি বাসা থেকে আইপিএসের ব্যাটারি চুরি হয়। ওই ঘটনার সূত্র ধরে হোস্টেলের মালামাল চুরির বিষয়টি প্রতিবেশীদের নজরে আসে।
পরদিন সকালে এলাকাবাসীর মাধ্যমে বিষয়টি জানতে পারেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও তাঁর কার্যালয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভবনের বিভিন্ন কক্ষের দরজার তালা ভাঙা দেখতে পান। কক্ষগুলো পরিদর্শন করে তাঁরা মালামাল চুরির বিষয়টি নিশ্চিত হন।
এজাহারে বলা হয়েছে, ভবনটি থেকে ৬৪টি কম্পিউটার, ৪৮ ইঞ্চি একটি টেলিভিশন, ছয়টি এসি, সাবমার্সিবল পাম্প, জেনারেটরের তার ও ব্যাটারি, সাবস্টেশনের তার, আইপিএস, মিক্সার মেশিন, ইলেকট্রনিকস অ্যাসেম্বলি এবং ইলেকট্রিক্যাল ট্রেড প্রশিক্ষণের বিভিন্ন সরঞ্জাম চুরি হয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ টাকা।
মামলার আসামিরা হলেন শামীম হাসান সাঈদ, শহিদুল ইসলাম শাহিন, আকরাম হোসেন, রিফাত, তানভীর আহমেদ, ভাঙারি ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম ও জীবন। তাঁদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনো বাকি আসামিরা গ্রেপ্তার হননি। উদ্ধার করা সম্ভব হয়নি চুরি যাওয়া অধিকাংশ মালামাল।
মামলার তদন্তকারী কর্মকর্তা নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, গ্রেপ্তার চারজনের মধ্যে আকরাম হোসেন ও শামীম হাসান সাঈদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার ও চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: Daily Bangladesh · দেশজুড়ে





