মিঠামইনে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে হামলা, পুলিশসহ আহত ১৫

কিশোরগঞ্জের মিঠামইনে বিয়ে শেষে নবদম্পতিকে নিয়ে কনেবাড়ি থেকে ফেরার পথে অটোরিকশাচালকদের হামলায় এক পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজ...

মিঠামইনে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে হামলা, পুলিশসহ আহত ১৫

কিশোরগঞ্জের মিঠামইনে বিয়ের অনুষ্ঠান শেষে নবদম্পতিকে নিয়ে কনের বাড়ি থেকে ফেরার পথে অটোরিকশাচালকদের হামলায় এক পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাটখাল গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় কনের পরিবারের সদস্যদের মারধরের পাশাপাশি টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

আহত পুলিশ সদস্যের নাম মো. কাউসার মিয়া। আহত অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ এলাকায় স্বপন মিয়ার সঙ্গে বৈরাটি ইউনিয়নের মাইজচর গ্রামের জোনাকি আক্তারের বিয়ে হয়।

শনিবার দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতা ও খাওয়া-দাওয়া শেষে নবদম্পতিকে নিয়ে কনের স্বজনেরা বাড়ির উদ্দেশে রওনা হন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাদের বহনকারী অটোরিকশা কাটখাল গরুর হাট এলাকায় পৌঁছালে পেছন থেকে চরকাটখাল এলাকার অটোরিকশাচালক দয়াল মিয়া তাদের সঙ্গে থাকা এক স্বজনকে ধাক্কা দেন। এ নিয়ে প্রতিবাদ করলে দয়াল মিয়া ও তার সঙ্গে থাকা কয়েকজন অটোরিকশাচালক তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কনের পরিবারের ১৪ জন আহত হন।

খবর পেয়ে কাটখাল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় হামলাকারীরা পুলিশের ওপরও হামলা চালালে কাউসার মিয়া নামে এক পুলিশ সদস্য আহত হন।

বৈরাটি ইউনিয়নের মাইজচর গ্রামের বাচ্চু মিয়া অভিযোগ করেন, অটোরিকশাচালক দয়াল মিয়া মূলত গরুর হাট এলাকার অটোরিকশা স্ট্যান্ড নিয়ন্ত্রণ করেন। এ কারণে এলাকায় তার প্রভাব রয়েছে। তার নেতৃত্বেই কনের পরিবারের সদস্য ও স্বজনদের ওপর হামলা চালানো হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কারও লুট করা হয়। আহত ১৪ স্বজনকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন দয়াল মিয়ার স্ত্রী রূপ নাহার। তিনি পাল্টা দাবি করে বলেন, মাইজচরের লোকজন বিয়েবাড়ি থেকে ফেরার পথে সাইড দেওয়ার জন্য তার স্বামী অটোরিকশার হর্ন বাজান। এতে ক্ষিপ্ত হয়ে তারা তার স্বামীর ওপর হামলা চালান। বর্তমানে তার স্বামীকেও হাসপাতালে নেওয়া হচ্ছে।

এ বিষয়ে কাটখাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল গাফফার জানান, দুই পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। একপর্যায়ে দয়াল মিয়া ও তার লোকজন পুলিশের ওপরও হামলা করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh · দেশজুড়ে