দীর্ঘদিনের পরিচয় রাফিয়াত রশিদ মিথিলার অভিনয় ও সংগীতের পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবেও। এবার তার পেশাগত জীবনে যুক্ত হলো আরও একটি নতুন অধ্যায়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে প্রায় দুই দশকের কর্মজীবন শেষে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন তিনি। একই সঙ্গে শুরু করেছেন শিক্ষকতাও।
নতুন দায়িত্বে নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা প্রণয়ন ও মূল্যায়নের নেতৃত্ব দেবেন তিনি। প্রারম্ভিক শৈশবের বিকাশ, পরিবারের সম্পৃক্ততা এবং জনস্বাস্থ্য—এই তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে কেন্দ্র করে পরিচালিত হবে প্রকল্পটির কার্যক্রম।
জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারকে শিশুদের সুস্থ ও স্বাভাবিক বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং উপযুক্ত পরিবেশের সঙ্গে যুক্ত করাই প্রকল্পটির অন্যতম লক্ষ্য। উন্নয়ন খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গবেষণার সঙ্গে স্থানীয় মানুষের বাস্তব প্রয়োজনের সমন্বয় ঘটাতে চান মিথিলা।
এ ছাড়া তথ্য-উপাত্ত ও গবেষণালব্ধ প্রমাণের ভিত্তিতে প্রকল্পের কার্যক্রমকে আরও কার্যকরভাবে এগিয়ে নিতেও ভূমিকা রাখবেন তিনি।
গবেষণার পাশাপাশি শিক্ষকতাতেও যুক্ত হয়েছেন মিথিলা। নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে ‘অ্যাডজাঙ্কট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। সেখানে ‘নন-প্রফিট ম্যানেজমেন্ট’ বিষয়ে পাঠদান করছেন। এর মাধ্যমে অলাভজনক সংস্থার কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করার সুযোগ পাচ্ছেন তিনি।
নতুন কর্মজীবনে পা রাখার সময় দীর্ঘদিনের কর্মস্থল ব্র্যাকের অবদানের কথাও স্মরণ করেছেন মিথিলা। সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানিয়েছেন, ব্র্যাকের সঙ্গে তার প্রায় দুই দশকের পথচলার মধ্যে ১৫ বছর কেটেছে ব্র্যাক ইন্টারন্যাশনালে। আন্তর্জাতিক উন্নয়ন খাতে কাজের সেই দীর্ঘ অভিজ্ঞতাই তার বর্তমান পেশাগত যাত্রায় গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে বলে মনে করছেন তিনি।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের উন্নত গবেষণা অবকাঠামো এবং মেধাবী গবেষকদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন মিথিলা। নতুন দায়িত্বের মাধ্যমে নিজের বৈশ্বিক অভিজ্ঞতাকে আরও বড় পরিসরে কাজে লাগানোর প্রত্যাশা রয়েছে তার। এ নতুন যাত্রায় সবার দোয়া ও শুভকামনাও চেয়েছেন তিনি।