একবার মাথার পেছনের অংশ দিয়ে বল বাড়িয়ে সতীর্থকে গোল করালেন, আরেকবার তিন ডিফেন্ডারকে কাটিয়ে নিজেই বল জালে পাঠালেন। লিওনেল মেসির এমন দুর্দান্ত নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
বাংলাদেশ সময় সোমবার সকালে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় মায়ামি।
ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। বিরতির পর ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড।
গোল হজমের পর আক্রমণের গতি বাড়ায় মায়ামি। ম্যাচের ৬৯ মিনিটে মেসির বুদ্ধিদীপ্ত সহায়তায় সমতায় ফেরে দলটি। তেলাসকো সেগোভিয়ার উঁচু করে বাড়ানো বল মাথার পেছনের অংশ দিয়ে জার্মান বেরতেরামের জন্য নামিয়ে দেন মেসি। এরপর দুর্দান্ত হেডে বল জালে পাঠান মেক্সিকান ফরোয়ার্ড বেরতেরাম।
এরপর ম্যাচের ৮৩ মিনিটে জয়সূচক গোলটি করেন মেসি। বক্সের বাইরে বল পেয়ে নিউ ইংল্যান্ডের তিন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন এই তারকা। চলতি লিগে এটি তাঁর ২৬তম গোল।
এই জয়ে ৫৯ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। অন্যদিকে ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে নিউ ইংল্যান্ড।
সূত্র: Daily Bangladesh · খেলাধুলা





