হ্যামিল্টনের সেডন পার্কে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নামা ভারতের শুরুটা হয়েছে জঘন্য। দলের ১৯ রানের মাথাতেই সাজঘরে ফিরেছেন দুই ওপেনার অভিষেক শর্মা এবং সাঞ্জু স্যামসন। ২ বলে ১ রান করে বিদায় নেন অভিষেক। স্যামসন ছিলেন আরও ধীর। ১০ বল খেলে ৪ রান করে সাজঘরে ফিরে যান তিনি।
এরপর ক্রিজে জুটি বাঁধেন ঈশান কিষাণ এবং অধিনায়ক শ্রেয়াস আইয়ার। শক্ত হাতে দলের হাল ধরেছেন দুজন। উইকেটের চারপাশে খেলেছেন দারুণ সব শট। বের করেছেন রান। তাতে কিছুটা দিশা ফিরে পায় ভারত। ফিফটির দেখা পেয়েছেন দুজনই। টানা দুই ওভারে আউটও হয়েছেন। সাজঘরে ফেরার আগে ৩২ বলে ৬১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ঈশান। অন্যদিকে আইয়ার ২৩ বলে ৫০ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন।
সুবিধা করতে পারেননি পাঁচে নামা তিলক ভার্মা। ৮ বলে ৬ রান করে বিদায় নেন তিনি। শেষ দিকে ঝড় তোলেন নামান ধির। ২৩ বলে ৩৩ রানের ক্যামিও খেলেছেন তিনি। ১৭ বলে ২২ রানের ইনিংস খেলেন নিতিশ কুমার রেড্ডি। এছাড়া ৪ বলে ৬ রান করেন ভুবনেশ্বর কুমার। শেষ দিকে রানের গতি কিছুটা কমে আসে ভারতের। দুইশ ছাড়ানোর সুযোগ থাকলেও এর আগেই থেমেছে ভারতের ইনিংস।
নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে ভারত। নিউজিল্যান্ডের হয়ে মাত্র ১৯ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন অ্যাডাম মিলনে। ২টি করে উইকেট নেন নাথান স্মিথ এবং ব্লেয়ার টিকনার।
জবাব দিতে নেমে টিম সেইফার্টের ব্যাটে ভর করে উড়ন্ত সূচনা পায় নিউজিল্যান্ড। আরেক ওপেনার ফিন অ্যালেন শুরুতেই ফিরেছেন। ৩ বলে ২ রান করে বিদায় নেন তিনি। তবে সেইফার্টের ধুমধাড়াক্কা ব্যাটিং ঠেকানো যায়নি। তিনে নেমে ড্যারিল মিচেলও এগিয়েছেন সাবলীল ব্যাটিংয়ে। ১৬ বলে ২৯ রানের ইনিংস খেলে মিচেল থামেন দলের ৮২ রানের মাথাতে। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন সেইফার্ট। আগ্রাসী ব্যাটিংয়ে ভারতের বোলারদের তুলোধুনো করে রান বের করেছেন তিনি। ছুঁয়ে ফেলেছেন ফিফটিও। ফিফটির পরেও চলেছে সেইফার্টের উইলোবাজি। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন টিম সেইফার্ট।
ভারতের বোলারদের কচুকাটা করে নিউজিল্যান্ডকে জয়ের পথে এগিয়ে নিয়েছেন সেইফার্ট। আগ্রাসী ব্যাটিংয়ে বের করেছেন একের পর এক বাউন্ডারি। পরে গ্লেন ফিলিপসও যোগ দিয়েছেন রান বের করার উৎসবে। ফর্মের তুঙ্গে থাকা ফিলিপসও এগিয়েছেন মারমুখি ব্যাটিংয়ে। দুজনের ব্যাটে ভর করে হেসেখেলে জয়ের খুব কাছে চলে যায় নিউজিল্যান্ড।
সূত্র: Daily Bangladesh · খেলাধুলা





