রাতের আঁধারে কেটে ফেলা হলো শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাঁকো

রাতের আঁধারে কেটে ফেলা হলো শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাঁকো

রাতের আঁধারে কেটে ফেলা হলো শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাঁকো

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাঁকো

X

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাঁকো

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব স্থায়ী ভবনে যাতায়াতের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত বাঁশের সাঁকোটি রাতের আঁধারে কেটে ও ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ইতোমধ্যে শান্তিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার। 

অভিযোগে উল্লেখ করা হয়, অজ্ঞাত দুর্বৃত্তরা গভীর রাতে সাঁকোর বিভিন্ন অংশ ও রশির বাঁধন কেটে ফেলায় সেটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অভিযোগে দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

প্রেসক্লাবের সাংবাদিকরা জানান, মঙ্গলবার (৭ জুলাই) সকালে নির্মাণাধীন প্রেসক্লাব ভবনের পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যান ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। সেখানে গিয়ে দেখতে পান, সাঁকোর বিভিন্ন অংশ কেটে ফেলা হয়েছে এবং বাঁধাইয়ের রশি বিচ্ছিন্ন করে দেওয়ায় সেটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।

জানা গেছে, শান্তিগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী ভবনে পৌঁছানোর সুবিধার্থে প্রায় চার-পাঁচ দিন আগে অস্থায়ী রাস্তার ওপর একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। এরপর থেকে প্রেসক্লাবের সদস্য ও অতিথিবৃন্দ চলাচলের একমাত্র মাধ্যম ছিল এই সাঁকো। কিন্তু সোমবার গভীর রাতে কে বা কারা সাঁকোর বিভিন্ন অংশ কেটে ও রশির বাঁধন খুলে দিয়ে সেটি নষ্ট করে যায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে প্রেসক্লাবের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ ঘটনাকে পরিকল্পিত ও নিন্দনীয় বলে অভিহিত করেন।

শান্তিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ বলেন, একটি সাংবাদিক সংগঠনের চলাচলের পথ নষ্ট করার ঘটনা শুধু সম্পদের ক্ষতিই নয়, এটি একটি সামাজিক প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টা। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ এক যৌথ বিবৃতিতে বলেন, রাতের আঁধারে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ বলেন, প্রেসক্লাব নেতৃবৃন্দ বিষয়টি আমাকে অবহিত করেছেন। লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, শান্তিগঞ্জ প্রেসক্লাব দীর্ঘদিন ধরে এলাকায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি নিজস্ব স্থায়ী ভবনে কার্যক্রম শুরু করার পরপরই যাতায়াতের একমাত্র সাঁকোটি নষ্ট করে দেওয়ার ঘটনায় সাংবাদিক মহল ও স্থানীয় সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।