শেরপুরের শ্রীবরদীতে দরিদ্র ও মেধাবী ৬০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে উদ্বুদ্ধকরণ আলোচনা ও মূল্যায়ন পরীক্ষার আয়োজন করা হয়।
শুক্রবার সকালে উপজেলার আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউটে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস) এ কর্মসূচির আয়োজন করে। এতে নবম ও দশম শ্রেণিতে অধ্যয়নরত ডপসের ৬০ সদস্যের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ডপসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া বিএসপি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও সময়ের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
পরে শিক্ষার্থীদের জ্ঞান ও পড়াশোনার প্রস্তুতি যাচাইয়ে মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়।
এ সময় ডপসের কর্মকর্তা ও সদস্য, শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।