খুলনার সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল সরদারকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। পরিচয় বদলে ২৭ বছর আইন-শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে ভারত-কুয়েতে আত্মগোপন থাকার পর শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে এসআরবি-৮ এর জালে গ্রেপ্তার হন জয়নাল।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) ওয়ালিদ হাসান মিঠু এসব তথ্য জানান।
তিনি জানান, এসআরবি-৮ এবং এসআরবি-৬ এর একটি চৌকস আভিযানিক দল খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জয়নাল সরদারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। জয়নাল সরদার বরিশালের গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে। গ্রেপ্তার আসামি জয়নাল সরদারের বিরুদ্ধে খুলনা জেলার রূপসা থানায় ১৯৯৯ সালে একটি হত্যা মামলা হয়। আদালতে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে প্রথমে হত্যার অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং লাশ গুমের অপরাধে পৃথকভাবে আরো ৫ বছর সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামি দীর্ঘদিন আত্মগোপনে থাকায় আদালত তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আসামির অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।