ঝালকাঠিতে তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় টিআইবি ঝালকাঠির পর্যবেক্ষণে এ তথ্য প্রকাশ করা হয়। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন সরকারি ওয়েব পোর্টালে তথ্য নিয়মিত হালনাগাদ ও নাগরিকদের জন্য সহজে তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
ঝালকাঠিতে তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ নির্দেশ দেন। “ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা” প্রতিপাদ্যে ঝালকাঠিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। সোমববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সনাক সদস্য ও ঝালকাঠি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বজলুর রশিদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহমেদ। ঝালকাঠি পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক মো. শাখাওয়াত হোসেন, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহিনুল ইসলাম মজুমদার, টিআইবির এরিয়া ম্যানেজার মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, টিআইবির সনাক সদস্যসহ অন্যান্যরা।
সভায় জানানো হয়, সভায় তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য পাবার প্রক্রিয়া, নাগরিকের অধিকার এবং সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েও আলোচনা করা হয়। এ সময় তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে আরও সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।