বুধবার , ৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় সুস্বাদু আমে সয়লাব বাজার 

ঢাকা ইনফো২৪
মে ৬, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

দেশসেরা সুস্বাদু আমে সাতক্ষীরায় শুরু হয়েছে নবমৌসুম। চলতি মৌসুমের দ্বিতীয় দিনেই বাজারে গোবিন্দভোগ, গোপালভোগ ও গোলাপখাসসহ স্থানীয় জাতের আমের ব্যাপক সমারোহ দেখা যাচ্ছে। বিভিন্ন মাধ্যম হয়ে এসব আম সাতক্ষীরা থেকে রাজধানীসহ পৌঁছে যাচ্ছে দেশের নানা প্রান্তে।

বুধবার (৬ মে) শহরের সুলতানপুর বড় বাজার ঘুরে দেখা যায়, বাজারে এখন সবচেয়ে বেশি সরবরাহ হয়েছে গোবিন্দভোগ। পাইকারি বাজারে আকার ও মানভেদে প্রতি মণ গোবিন্দভোগ আম বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৫০০ টাকায়। তবে খুচরা পর্যায়ে এই আম ১৬০০ থেকে ১৮০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। একই দামে বিক্রি হচ্ছে গোপালভোগ আমও।

সুলতানপুর বাজারের আম ব্যবসায়ী কবির হোসেন জানান, এ বছর আমের ফলন প্রচুর। ফলে বাজারে প্রচুর আম আসছে। ছোট, মাঝারি ও বড় আকারের আম ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে। পাইকাররা প্রতি মণ গোবিন্দভোগ আম ১২০০ থেকে ১৫০০ টাকায় কিনছেন, যা খুচরা বাজারে ১৬০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি মনে করেন, আমের দাম তুলনামূলক কম হলেও চাষিরা লাভবান হবেন, কারণ এবার গাছে ফলন বেশি।

বাজারে আম বিক্রি করতে আসা মহিরুল্লাহ গাইন বলেন, ‘গোবিন্দভোগ আম নিয়ে এসেছি। পাইকারি দরে ১৬০০ টাকা চেয়েছি কিন্তু কেউ নিচ্ছে না। প্রতি মণ ১৩০০ থেকে ১৪০০ টাকা দাম বলছে ব্যবসায়ীরা।’ ব্যবসায়ীদের ধারণা, সামনের দিনগুলোতে বাজারে সরবরাহ আরও বাড়লে আমের দাম আরও কমতে পারে।

মাঠ পর্যায়ে আমের দাম কিছুটা কম থাকলেও অনলাইনে ভিন্ন চিত্র দেখা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অনলাইন ব্যবসায়ীরা প্রতি কেজি আম কুরিয়ার চার্জ ও আনুষঙ্গিক খরচসহ ১২৫ টাকায় বিক্রি করছেন। সে হিসেবে অনলাইনে প্রতি মণ আমের দাম পড়ছে ৫ হাজার টাকা।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, এ বছর আমের ফলন বাম্পার। ৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগসহ স্থানীয় জাতের আম ভাঙা শুরু হয়েছে। ১৫ মে বাজারে আসবে হিমসাগর। জেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ হাজার মেট্রিকটন। তিনি আরও বলেন, ‘আমরা সার্বক্ষনিক মনিটরিং করছি যেন কোন আম ব্যবসায়ী আমে কেমিক্যাল দিয়ে বাজারজাত করতে না পারে। আমের সুনাম ধরে রাখতে বিষমুক্ত, নিরাপদ আম ভোক্তাদের কাছে পৌঁছে দিতে প্রশাসন সার্বক্ষনিক কাজ করছে।’

তবে অনলাইনে আমের দামের বিষয়ে কৃষি কর্মকর্তা জানান, প্রতি বছরই মৌসুমী ব্যবসায়ীরা অনলাইনের মাধ্যমে নিজেদের মতো দাম নির্ধারণ করে আম বিক্রি করেন। এদের ওপর কৃষি বিভাগের কোনো নিয়ন্ত্রণ নেই।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন