সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গার কুতুবের চর মৎস্য আড়তে অভিযান চালিয়ে জেলি পুশ করা প্রায় ৪৫০ কেজি চিংড়ি উদ্ধার করেছে মৎস্য অধিদপ্তর। পরে চিংড়িগুলো ধ্বংস করে মাটিচাপা দেওয়া হয়। উদ্ধার করা চিংড়ির আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে জেলা মৎস্য অধিদপ্তর ও রায়গঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এবং রায়গঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চিংড়ির ওজন বাড়িয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মাছগুলোতে জেলি পুশ করা হয়েছিল। এ ধরনের কর্মকাণ্ডে ক্রেতারা আর্থিকভাবে প্রতারিত হওয়ার পাশাপাশি খাদ্যনিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং এ ধরনের অনিয়ম প্রতিরোধে অভিযান চালায় মৎস্য অধিদপ্তর।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলি পুশ করা চিংড়ি উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অপরাধীদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.