
সিরাজগঞ্জে দেশীয় ফলগাছ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন- জেলা প্রশাসক
দেশীয় ফলগাছ সংরক্ষণ ও ফল চাষ সম্প্রসারণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
তিনি বলেছেন, দেশীয় ফল আমাদের পুষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। অথচ একসময় গ্রামবাংলার আঙিনা ভরিয়ে রাখা অনেক দেশীয় ফলগাছ আজ বিলুপ্তির পথে। আগামী প্রজন্মের জন্য পুষ্টিসমৃদ্ধ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ফল চাষের কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার সকালে শহরের মুক্তির সোপানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জের উপপরিচালক কৃষিবিদ এ.কে.এম. মনজুরে মাওলা।
জেলা প্রশাসক বলেন, জাতীয় ফল মেলার মতো আয়োজন মানুষের মধ্যে দেশীয় ফল চাষে আগ্রহ সৃষ্টি করবে এবং কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। দেশীয় ফলগাছ সংরক্ষণ ও ব্যাপকভাবে রোপণের মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষা এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুণ অর রশিদ খান হাসান এবং জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হাশেম আবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোহাম্মদ রেজাউল হক, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) জেরিন আহমেদ, অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো. আনোয়ার সাদাত, অতিরিক্ত উপপরিচালক (এল আর)মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. নাসিম হোসেন সহ বিভাগের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় কৃষক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আগামী ২০ জুন পর্যন্ত চলবে এ মেলা। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলাপ্রাঙ্গণ। মেলায় আটটি স্টলে দেশীয় ও বিদেশি বিভিন্ন প্রজাতির ফল, ফলের চারা, আধুনিক ফল চাষ প্রযুক্তি এবং কৃষিভিত্তিক নানা তথ্য উপস্থাপন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।