ঝালকাঠি পৌরসভার পালবাড়ি রোড এলাকায় বাসার সামনে মাদকসেবীদের আড্ডা ও হট্টগোলের প্রতিবাদ করায় এক নারী ও তার ছেলেকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের নিরাপত্তার জন্য বাসায় ও বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন করায় ওই নারীকে পুলিশের সোর্স সন্দেহ করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী মোসাঃ কামরুন নেহার ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, কামরুন নেহারের বাসার সামনে দীর্ঘদিন ধরে এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী আড্ডা দিতেন এবং বিভিন্ন সময় হট্টগোল করতেন। এতে প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগ করেন ওই নারী।
পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে পরে নিজের বাসা ও বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন করেন কামরুন নেহার। অভিযোগে বলা হয়, সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি দেখে গৌতম পাটিকর ও তার স্ত্রী শিপ্রা দাসসহ কয়েকজন তাকে পুলিশের সোর্স সন্দেহ করতে শুরু করেন। এরপর থেকে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।
জিডিতে আরও উল্লেখ করা হয়, গত ২৮ সেপ্টেম্বর রাত ১০টা ১৮ মিনিটের দিকে একটি মোবাইল নম্বর থেকে কামরুন নেহারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি তাকে ও তার ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গৌতম পাটিকর ও তার স্ত্রী শিপ্রা দাসের আচরণে আতঙ্কিত হয়ে কামরুন নেহার ও তার পরিবারের সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট উপপরিদর্শককে (এসআই) নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।