রবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

স্মার্ট পরিবহনের যুগে জাবি, জাকসুর উদ্যোগে চালু লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম

ঢাকা ইনফো২৪
জুলাই ১৯, ২০২৬ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

স্মার্ট পরিবহনের যুগে জাবি, জাকসুর উদ্যোগে চালু লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করতে লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম ‘আইট্র্যাকার (iTracker)’ চালু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)। এ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ৫৬ বছরের পরিবহন ব্যবস্থায় যুক্ত হলো প্রযুক্তির নতুন মাত্রা, যা শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ ও কার্যকর করবে।

রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই লাইভ ট্র্যাকিং সিস্টেমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

নতুন এই ব্যবস্থার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা যাবে। শিক্ষার্থীরা মোবাইল ফোন বা ওয়েব প্ল্যাটফর্ম ব্যবহার করে বাসের বর্তমান অবস্থান, নির্ধারিত রুট এবং সম্ভাব্য পৌঁছানোর সময় জানতে পারবেন। ফলে বাসস্ট্যান্ডে দীর্ঘ সময় অপেক্ষার প্রয়োজন কমবে এবং সময়মতো যাতায়াত নিশ্চিত করা সহজ হবে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় প্রতিদিন হাজারো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বিভিন্ন রুটে যাতায়াত করেন। এতদিন বাসের অবস্থান সম্পর্কে তাৎক্ষণিক তথ্য না থাকায় অনেককে অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করতে হতো। লাইভ ট্র্যাকিং সিস্টেম চালুর ফলে সেই ভোগান্তি অনেকাংশে কমবে বলে মনে করছেন শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “সৃষ্টিকর্তার সবচেয়ে বড় উপহার জীবন, আর জীবনের পর মানুষের সবচেয়ে বড় অর্জন প্রযুক্তি। প্রযুক্তির সঠিক ব্যবহার আমাদের জীবনকে সহজ, নিরাপদ ও কার্যকর করে তোলে।”

তিনি বলেন, এই ট্র্যাকিং সিস্টেম চালুর ফলে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবাই বাসের অবস্থান তাৎক্ষণিকভাবে জানতে পারবেন। এতে সময় সাশ্রয় হবে, পরিকল্পিতভাবে যাতায়াত করা সম্ভব হবে এবং পরিবহনসেবার মান আরও উন্নত হবে।

উপাচার্য আরও বলেন, এই ব্যবস্থা পরিবহন খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। নির্ধারিত রুটের বাইরে কোনো গাড়ি গেলে তা সহজেই শনাক্ত করা যাবে। এতে জ্বালানি অপচয় ও অপ্রয়োজনীয় ব্যয় কমবে, পাশাপাশি পরিবহন ব্যবস্থাপনা আরও দক্ষ হবে। দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতেও গাড়ির অবস্থান দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক সহায়তা ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা সহজ হবে।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি নতুন প্রযুক্তির উদ্বোধন নয়; এটি যেন নিয়মিত, কার্যকর ও টেকসইভাবে পরিচালিত হয়, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আশা করি, পরিবহন শাখার সংশ্লিষ্ট সবাই আন্তরিকতার সঙ্গে এই সেবার ধারাবাহিকতা বজায় রাখবেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও শিক্ষার্থীবান্ধব করে তুলবেন।”

অনুষ্ঠানে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ছিল না। জাকসু দায়িত্ব গ্রহণের পর থেকেই পরিবহন খাতকে আধুনিক ও শিক্ষার্থীবান্ধব করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইলেকট্রিক কার্ট, অটোরিকশা চালুর উদ্যোগের ধারাবাহিকতায় আজ লাইভ ট্র্যাকিং সিস্টেম চালু করা হলো।

তিনি বলেন, এই সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল ফোনেই জানতে পারবেন বাস কোথায় রয়েছে এবং তাদের অবস্থানে পৌঁছাতে কত সময় লাগবে। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি যাতায়াত আরও সহজ ও কার্যকর হবে।

লাইভ ট্র্যাকিং সিস্টেমের ধারাবাহিকতা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই সেবার নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাকসুর উদ্যোগে শুরু হওয়া এই সেবা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে, সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়মিত রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন।”

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম, পরিবহন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, জাকসুর নেতৃবৃন্দ, ইফাদ গ্রুপের প্রতিনিধিরা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});