হালদা নদীকে যেকোন মূল্যে সুরক্ষিত রাখতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:০২ পিএম (ভিজিট : ০)

X
প্রতিমন্ত্রী মীর হেলাল
দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীকে যে কোন মূল্যে সুরক্ষিত রাখতে হবে। এটা হাটহাজারী তথা দেশের ঐতিহ্য। তাই হালদায় বিষাক্ত বর্জ্য পড়লে অভিযুক্ত কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। অভিযোগ প্রমানিত হলে প্রথমে জরিমানা এবং কারখানাগুলোতে শিল্পবর্জ্য পরিশোধনের জন্য ইটিপি না করলে সেসব কারখানা সিলগালা করে দেয়া হবে।
“সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির আওতায় হাটহাজারী উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও বিতরণ অনুষ্ঠানে মঙ্গলবার (২৩ জুন) দুপুরে প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এম.পি এ হুশিয়ারি উচ্চারণ করেন।
উপজেলা প্রশাসনের বাস্তবায়নে পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হালদার জেলে সম্প্রদায়কে বিকল্প কর্মসংস্থান হিসেবে সেলাই মেশিন এবং কৃষি অধিদপ্তর কর্তৃক কৃষকদের মাঝে আমন প্রণোদনা বীজ ও সার বিতরণ করেন।
এসময় প্রতিমন্ত্রী বৃক্ষরোপণ নিয়ে বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজ সরকার যেভাবে বন উজাড় করে দিয়েছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় তা পূরণে বৃক্ষরোপণের কোন বিকল্প নাই। সে প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যয়ে সারাদেশের ন্যয় হাটহাজারীতে বৃহৎ আকারে বৃক্ষরোপণের কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এসময় তিনি গাছের চারা রোপনের পাশাপাশি টিকিয়ে রাখতে সঠিক পরিচর্যা এবং মনিটরিংয়ের অনুরোধ জানান সকলের প্রতি।
এ ছাড়া অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক শারিরীক প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এসময় উপজেলা বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ, পৌরসভার জাকির হোসেন, উপজেলা সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন চেয়ারম্যান, পৌরসভার অহিদুল আলম, কৃষি অফিসার মোঃ মেজবাহ উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নিয়াজ মোর্শেদ, সমাজসেবা কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, বর্তমান সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী কৃষি অফিস সংলগ্ন পরিষদ প্রাঙ্গণে একটি গাছের রোপন করেন।