হিলি: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেছেন, ‘বর্তমান সরকারের লক্ষ্য একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে কোনো জনগোষ্ঠী অবহেলার শিকার হবে না। এবারের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সরকারি কর্মচারীদের স্বার্থ রক্ষা করা হয়েছে। এমনকি আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের পে-স্কেল বাস্তবায়ন নিয়েও কাজ চলছে।’
শনিবার (২০ জুন) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের লক্ষ্য একটাই, আমরা সবাই যদি একসঙ্গে ভালো থাকি, তাহলেই দেশ ভালো থাকবে। রাস্তায় থাকা ভিক্ষুক থেকে শুরু করে এসি রুমের বাসিন্দা, সবার কথা চিন্তা করেই এবারের বাজেট করা হয়েছে।’
অনুষ্ঠানে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় দুগ্ধ উৎপাদনকারী খামারিদের মাঝে আধুনিক উপকরণ এবং শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ স্থানীয় নেতারা।