Dhakainfo24
ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ভালুকায় কৃষকের গোয়ালঘরের তালা কেটে ৭ গরু চুরি

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৭, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় এক কৃষকের গোয়ালঘরের তালা কেটে ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক। সোমবার (২৭ এপ্রিল) ভোররাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও শিরিরচালা গ্রামের ইন্নাছ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোন্তাজ উদ্দিন। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সন্ধ্যায় কৃষক ইন্নাছ আলী নিজের গোয়ালঘরে গরু বেঁধে দরজায় তালা দিয়ে রাখেন। পরে গভীর রাতে দুর্বৃত্তরা গোয়ালঘরের তালা কেটে ভেতরে প্রবেশ করে গরুগুলো নিয়ে যায়। সোমবার ভোর সাড়ে তিনটার দিকে চুরির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। পরে ভোর ৪টার দিকে ইন্নাছ আলী গোয়ালঘরে গিয়ে তালা কাটা দেখতে পান। ভেতরে ঢুকে দেখেন গোয়ালঘর শূন্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, চোরের দল একটি পিকআপে করে আসে। এ সময় কাছাকাছি রানার প্রজেক্টের এক নিরাপত্তাকর্মী বিষয়টি টের পেলে তাঁকে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখানো হয়। নিরাপত্তাকর্মীর দাবি, পিকআপে ৭ থেকে ৮ জন লোক ছিল। তাঁদের কারও হাতে ধারালো অস্ত্র, আবার কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। ভুক্তভোগী কৃষকের ছেলে মো. এমদাদ হোসেন বলেন, বাটাজোর-সখিপুর সড়কের আলিমের মোড় এলাকায় একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় রাত সাড়ে তিনটার দিকে একটি পিকআপ ভেতরের সড়কে ঢুকতে দেখা গেছে। প্রায় আধা ঘণ্টা পর গাড়িটিকে গরু বোঝাই অবস্থায় ফিরে যেতে দেখা যায়। তিনি আরও বলেন, চুরি হওয়া গরুর মধ্যে ৫টি বড় আকারের গরু ও ২টি বাছুর রয়েছে। এসব গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা।

স্থানীয় ইউপি সদস্য মোন্তাজ উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেছি। এলাকায় গরু চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।