সিরাজগঞ্জের রায়গঞ্জের খৈচালা বিল থেকে নাঈম হোসেন নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিল থেকে অটোরিকশা চালকের মরহেদ উদ্ধার করা হয়।
নিহত অটোরিকশা চালক নাঈম হোসেন সলঙ্গা থানার মালতিনগর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নাঈম। কিন্তু রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোজাখুজি করেন। পরদিন সকালে তাঁর মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।
নিহত নাঈম হোসেন রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, সকালে স্থানীয় লোকজন বিলে একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় । খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সালাউদ্দিন/সাএ
