যথাযোগ্য মর্যাদা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনার মধ্য দিয়ে সুনামগঞ্জে মহান মে দিবস ২০২৬ পালিত হয়েছে।
“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, জেলা শ্রমিক ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন দিনভর নানা কর্মসূচি পালন করে।
আজ সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পালের সভাপতিত্বে সভায় বক্তারা শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক অসীম চন্দ্র বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান এবং শ্রমিক নেতা সোহেল আহমদ।
সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে জেলা শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সোহেল আহমদের সভাপতিত্বে এবং ইজিবাইক মালিক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক ও সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সম্পাদক, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, এডভোকেট এডভোকেট মাসুক আলম ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ইমদাদ হোসেন রনজু।
বক্তারা বলেন, মে দিবস কেবল উৎসবের দিন নয়, বরং শ্রমিকদের রক্তস্নাত অধিকার আদায়ের সংগ্রামের দিন। বর্তমান প্রেক্ষাপটে শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় আরও বক্তব্য রাখেন কাজী নাসিম উদ্দিন লালা, সাইফুল্লাহ হাসান জুনেদ, কামরুল হাসান রাজু, আমিনুল হক এবং আশরাফুল ইসলাম কয়েস প্রমুখ।
সভা শেষে জেলা শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে একটি বিশাল র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালিতে ইজিবাইক শ্রমিক, রিকশা শ্রমিক, নির্মাণ শ্রমিকসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের শতশত সদস্য ব্যানার-ফেস্টুনসহ অংশগ্রহণ করেন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে মে দিবসের চেতনাকে সমুন্নত রাখা হয়।
বিকেল পর্যন্ত শহরের মোড়ে মোড়ে শ্রমিকদের খণ্ড খণ্ড মিছিল ও মাইকিংয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। প্রতিটি সভা থেকে শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার জোরালো দাবি জানানো হয়।
