কুমিল্লায় বাবার মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে মো. খালিদ হোসেন (৮) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খালিদ হোসেন দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের বাসিন্দা অব. পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন স্বপনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাদরাসা শেষে বাবার মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল খালিদ। পথে মহাসড়কের একটি স্থানে খালিদ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কাভার্ডভ্যানটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
কুশল/সাএ