বৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

 রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলন—শিক্ষার মানোন্নয়নে একগুচ্ছ নতুন সিদ্ধান্ত

ঢাকা ইনফো২৪
মে ৭, ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠীর রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মে) সন্ধ্যায় বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি তানভীর রশিদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে নতুন উপস্থিতি নীতিমালা চালু করা হয়েছে। প্রতিদিন প্রথম ঘণ্টা ও বিরতির পরের ঘণ্টায় দুই দফা হাজিরা নেওয়া হবে। কোনো শিক্ষার্থী মাসে তিন দিনের বেশি অনুপস্থিত থাকলে অভিভাবকসহ উপস্থিত হয়ে কারণ দর্শাতে হবে।

বিদ্যালয়ে শৃঙ্খলা জোরদার করতে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রবেশ ও বহির্গমন বায়োমেট্রিক পদ্ধতিতে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, অনুমতি ছাড়া বিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ ও বের হওয়া নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে বিদ্যালয়ে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য তিন সদস্যবিশিষ্ট একটি প্রক্টোরিয়াল টিম গঠন করা হয়েছে। টিমের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহবুব মোর্শেদ, সদস্য হিসেবে রয়েছেন মো. নাঈমুর রহমান ও মো. সাজিদ খান। এ টিমের কার্যক্রম তদারকি করবেন সভাপতি তানভীর রশিদ ও প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম।

বিদ্যালয়কে জাতীয়করণের লক্ষ্যে তিন সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক মো. মাহবুব মোর্শেদ, সদস্য হিসেবে রয়েছেন শহিদুল ইসলাম গাজী ও বিলাল হোসেন।

শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করতে ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি উপজেলাব্যাপী টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়া ক্রীড়া দক্ষতা বৃদ্ধির জন্য একজন ক্রীড়া বিশেষজ্ঞ নিয়োগের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করতে পাঁচ সদস্যবিশিষ্ট সাংস্কৃতিক উপ-কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক সূর্যকান্ত মন্ডল। সদস্য হিসেবে রয়েছেন মুক্তি ফৌজদার, মো. আসাদুজ্জামান খান, হাফিজা আক্তার ও শিল্পী রানী মন্ডল।

শিক্ষার্থীদের মানসিক বিকাশের লক্ষ্যে বিদ্যালয়ের উত্তর পাশে আধুনিক পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে উপহার হিসেবে নির্মাণ করা হবে।

এছাড়া শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে মানসম্মত খাবার নিশ্চিত করতে বিদ্যালয় ক্যাম্পাসে ক্যাফেটেরিয়া স্থাপন এবং টিচার্স অ্যান্ড স্টুডেন্ট কাউন্সিল (টিএসসি) গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনজন শিক্ষককে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যাচেলর অব এডুকেশন (B.Ed) কোর্সে ভর্তির অনুমতি দেওয়া হয়েছে।

আগামী ২০২৬ সালে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে বিদ্যালয় সংলগ্ন দেয়াল রং করার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সংবাদ সম্মেলনের শেষে সভাপতি তানভীর রশিদ বলেন, “শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে চলতি মাসেই একটি মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে।”

উল্লেখ্য, পরিচালনা পর্ষদের এই সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।