
সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ‘মমতা হারেননি, তাকে হারানো হয়েছে’ বলে মন্তব্য করেছেন ভারতের লোকসভার সদস্য অখিলেশ যাদব। বৃহস্পতিবার (৭ মে) তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপধ্যায়ের সঙ্গে দেখা করতে এসে এ মন্তব্য করেন তিনি।
এর আগে এদিন বিকেলে কালীঘাটে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান অখিলেশ যাদব। সেখানে তাকে অভ্যর্থনা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর বাড়ির গেটে দাঁড়ানো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা মাত্রই তার গায়ে উত্তরীয় ও শাল জড়িয়ে সম্মান জানান অখিলেশ যাদব।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘তিনি হারেননি। নির্বাচনে বেইমানি হয়েছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতে হবে। যখন স্বচ্ছ নির্বাচন হয়েছে, তখন তিনি জিতেছেন। তবে এবার বিজেপি, কমিশন, ওদের সঙ্গী, আন্ডারগ্রাউন্ডের লোকজন যা করেছে, তা বেইমানি।’
অখিলেশের দাবি, বিজেপি শাসিত উত্তর প্রদেশে যখন ভোট হয়েছে, তখন কোনও অফিসারকে সরানো হয়নি আর বাংলায় তখন পুরো স্ট্রাকচার বদল করে নিজেদের মতো সাজানো হয়েছে। বুলেট দিয়ে ভয় দেখিয়ে ভোট করানো হয়েছে। পুরো ভোট প্রক্রিয়া উল্টে দেয়া হয়েছে। তার কথায়, এখন আগে রেজাল্ট বের হয়, তারপর গণনা হয়, তারপর ভোট হয়, তারপর ভোটার লিস্ট ঠিক হবে।
তিনি আরও বলেন, মহিলারা এগিয়ে যাক কখনও দেখতে পারে বিজেপি। এরা ক্ষমতার জন্য অনেক দূর যেতে পারে। আমরা দিদির লড়াইতে পাশে আছি। দেশের মানুষ জাগবেই। এভাবেই বিজেপির এই আগ্রাসন রুখে দেয়া হবে।