মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শেরপুরে মানবন্ধন ও স্মারকলিপি প্রদান শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ রোববার (১০ মে) সকাল ৯টায় শেরপুর হাসপাতল রোড এলাকায় মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এই স্মারকলিপি পেশ করেন ‘শেরপুর মডেল ফারিয়া’ (ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এসোসিয়েশন)-এর নেতৃবৃন্দ। মানবন্ধনে বক্তব্য রাখেন, ফারিয়ার সভাপতি রুহেল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শিমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সুমন, ম্যানেজার ফোরামের ওমর ফারুক, ফিরোজ কবির। এছাড়াও উপস্থিত ছিলেন, হুমায়ুন, আলতাফ হোসেন, শাহিন আলম, মেহেদী হাসান, মিজানুর, রহমান মনিরুল ইসলাম প্রমুখ। মানবন্ধন ও স্মারকলিপিতে জানানো হয়, আমরা দালাল নয়। আমরা চাকুরী করি। বৈজ্ঞানিভাবে রোগ নির্মুলে কোম্পানির ঔষধ সম্পর্কে ডাক্তারদের শেয়ার করি। বাংলাদেশের ঔষধ শিল্প জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় একটি খাত। এই শিল্পে নিয়োজিত প্রায় তিন লক্ষাধিক দক্ষ ও শিক্ষিত প্রতিনিধি দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তারা সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকদের নতুন ঔষধের কার্যকারিতা, ডোজ ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আধুনিক তথ্য সরবরাহ করে রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করছেন। শহর থেকে শুরু করে প্রান্তিক পর্যায় পর্যন্ত ঔষধের সহজলভ্যতা নিশ্চিত করতে তাদের অবদান অনস্বীকার্য। স্মারকলিপিতে আক্ষেপ প্রকাশ করে বলা হয়, অত্যন্ত দুঃখের বিষয় যে, অনেক ক্ষেত্রে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তারা বিভিন্ন সময় অপমান ও মানসিক নিগ্রহের শিকার হচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে তাদের অবমাননাকরভাবে ‘দালাল’ হিসেবে অভিহিত করা হয়, যা তাদের ব্যক্তিগত এবং সামাজিক মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। এর ফলে এসব পেশাজীবী ও তাদের পরিবারবর্গ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। স্মারকলিপিতে উল্লিখিত প্রধান দাবিগুলো হলো, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা করা, কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ নিশ্চিত করা। একটি নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। উক্ত স্মারকলিপিতে স্বাক্ষর করেন শেরপুর মডেল ফারিয়ার সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং সভাপতি। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি ও কার্যকর পদক্ষেপে তাদের পেশার সম্মান পুনরুদ্ধার হবে, যা দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে আরও গতিশীল ভূমিকা রাখতে সহায়ক হবে। এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার বলেন, স্মারকলিপি পেয়েছি।