কুড়িগ্রামের-১ আসনর জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম এর সাথে ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৯ টায় ভূরুঙ্গামারী প্রেসক্লাবের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, ভারপ্রাপ্ত সম্পাদক শামসুজ্জোহা সুজন, মাইটিভির উপজেলা প্রতিনিধি মাইদুল ইসলাম মুকুল, দৈনিক সংগ্রাম ও বিডি২৪লাইভ প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান, প্রচার সম্পাদক রবিউল আলম লিটন, সদস্য রফিকুল ইসলাম রঞ্জু, মোকলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা মাদক নির্মূল, শিক্ষার উন্নয়ন, ফায়ার সার্ভিস স্টেশন, মিনি স্টেডিয়াম, টেকনিক্যাল কলেজ, পর্যটন কেন্দ্র নির্মাণ এবং সোনাহাট স্থলবন্দরের উন্নয়নসহ প্রভৃতি বিষয়ে আলোচনা করেন। এসময় প্রেসক্লাবের সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম ভূরুঙ্গামারীর রাস্তা-ঘাট, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে মাদক নির্মুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সর্বপরি কুড়িগ্রাম-১ আসনে উন্নয়নে সকলের সহযোগিতা চান তিনি।