চাঁদপুর সফরের উদ্দেশ্যে কুমিল্লায় প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে ঘিরে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে তাকে স্বাগত জানান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ইতোমধ্যে তিনি দাউদকান্দি উপজেলায় খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী এলাকা অতিক্রম করেছেন। পথে পথে বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর এলাকায় একটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ উপলক্ষে সকাল থেকেই সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়।
দাউদকান্দিতে খন্দকার মোশাররফ হোসেনের অনুসারীরা, ইলিয়টগঞ্জে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নেতাকর্মীরা, নিমসার বাজারে এমপি জসিম উদ্দিন এবং পদুয়ার বাজার এলাকায় এমপি মনিরুল হক চৌধুরীর সমর্থকেরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, “আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আসছেন, এতে আমরা অত্যন্ত আনন্দিত। ধর্মমন্ত্রীর নির্দেশে ১০ হাজার নেতাকর্মী নিয়ে আমরা তাকে স্বাগত জানাতে ইলিয়টগঞ্জে অবস্থান নিয়েছি।”
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক বলেন, “সকাল ৮টা থেকেই আমরা আলেখারচর বিশ্বরোড এলাকায় অবস্থান করছি। প্রিয় নেতাকে একনজর দেখার জন্য নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস কাজ করছে।”
এদিকে চট্টগ্রাম মহাসড়কের নীলকার বাজার এলাকায়ও কুমিল্লা-৫ আসনের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের প্রধান দাবি হচ্ছে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন।”