রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একদিনে নারীসহ ১২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার পরিচালিত এসব অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করা হয়।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া তেজগাঁও বিভাগের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করা হয়েছে।
তেজগাঁও বিভাগের গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানায় ৫ জন, শেরেবাংলা নগর থানায় ৬ জন, মোহাম্মদপুর থানায় ১৬ জন, আদাবর থানায় ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন এবং হাতিরঝিল থানায় ৭ জন রয়েছেন।
এদিকে গুলশান থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে নারীসহ ১৯ জনকে আটক করা হয়।
যাত্রাবাড়ী থানায় গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন নিয়মিত মামলার আসামি এবং একজন পুরোনো মামলার এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে পুলিশ। এছাড়া চারজনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বাকি ১১ জনকে বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।