লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী আবারও হামলা শুরু করেছে। তারা হিজবুল্লাহর কথিত ঘাঁটিকে লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে বলে জানিয়েছে। শনিবার আল জাজিরার প্রতিবেদনে দুপক্ষের বক্তব্যের ভিত্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এই হামলার ঘোষণা আসে যুদ্ধবিরতি ৪৫ দিন বাড়ানোর কয়েক ঘণ্টার মধ্যে। একই সঙ্গে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের অন্তত ৯টি শহর ও গ্রামের বাসিন্দাদের স্থান ত্যাগের নির্দেশ দিয়েছে।
ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ এই এলাকায় তাদের সামরিক কার্যক্রম পুনর্গঠন করছে, তাই এসব স্থাপনা লক্ষ্য করা হয়েছে। তবে লেবাননের পক্ষ থেকে বলা হয়েছে, চলমান হামলায় বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং যুদ্ধবিরতি কার্যত অকার্যকর হয়ে পড়েছে।
গত কয়েক মাস ধরে সীমান্ত এলাকায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হলেও দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।
কুশল/সাএ