রবিবার , ১৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তেতুলিয়ার ভাঙনের মুখে দুই শিক্ষা প্রতিষ্ঠান, বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

ঢাকা ইনফো২৪
মে ১৭, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর এলাকায় তেতুলিয়া নদীর ভয়াবহ ভাঙনে হুমকির মুখে পড়েছে দুটি শিক্ষা প্রতিষ্ঠান। নদীর তীব্র স্রোতে বেড়িবাঁধের ব্লক নদীগর্ভে বিলীন হওয়ায় ৪৪ নং গুলি আউলিয়াপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আউলিয়াপুর দাখিল মাদ্রাসাসহ আশপাশের বসতভিটা ও ফসলি জমি নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

এ অবস্থায় দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (১৭ মে) সকাল ১০টায় বিদ্যালয় ও মাদ্রাসা সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘদিন ধরে তেতুলিয়া নদীর ভাঙন চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেয়নি। ফলে পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে।

মানববন্ধনে বক্তারা বলেন, যেকোনো সময় শিক্ষা প্রতিষ্ঠান দুটি নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। এতে এলাকার শিক্ষাব্যবস্থার ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। তারা পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নূর এর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও ব্লক সংরক্ষণের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন রনগোপালদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম রুবেল, আউলিয়াপুর দাখিল মাদ্রাসার সুপার মো. হেলাল উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মন্নান হাওলাদার এবং ইউনিয়ন ছাত্র-অধিকার পরিষদের সভাপতি মো. মহিবুল সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয়রা জানান, এই বেড়িবাঁধ শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, এলাকার হাজারো মানুষের বসতবাড়ি ও কৃষিজমি রক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পুরো এলাকা বড় ধরনের দুর্যোগের মুখে পড়তে পারে।

মানববন্ধন থেকে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।