লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ রোববার (১৭ মে) দুপুরে সাব্বির বিন শামসকে লালমনিরহাটের আমলি আদালতে পাঠানো হলে বিচারক মোঃ আলাউদ্দীন তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে সন্ধ্যায় তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
পাটগ্রাম থানা পুলিশ সূত্রে জানা যায়, অনুপ্রবেশের অভিযোগে গতকাল শনিবার দুপুরের দিকে পাটগ্রামের দহগ্রাম আঙ্গরপোতার (বিলুপ্ত ছিটমহল) বঙ্গের বাজার সীমান্ত এলাকা থেকে সাব্বির বিন শামসকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ (লাল রঙের) মোট সাতটি পাসপোর্ট, একটি আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স, একটি বাটন ফোন এবং কিছু বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ওই ঘটনায় পাটগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল সন্ধ্যায় সাব্বির বিন শামসকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে পাঠানো হয়। আসামির আইনজীবী রফিকুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেছেন।
লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, গতকাল রাতে সাব্বির বিন শামসকে সদর থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়। লালমনিরহাট সদর থানার বহুল আলোচিত আগুনে পুড়ে ছয়জন মৃত্যুর ঘটনার মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে আমরা তাঁকে লালমনিরহাটের আদালতে সোপর্দ করি।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগষ্ট লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুমন খানের বহুতল বাসভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুনে পুড়ে ছয়জনের মৃত্যুর ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০২৫ সালের ২৭ মে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় তদন্তে নাম আসায় সাব্বির বিন শামসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।