শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ‘কবি নজরুল স্মারক সম্মাননা’ পেয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কৃতি সন্তান ও আমেরিকা প্রবাসী শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী।
মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা কেন্দ্রের সেমিনার হলরুমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা, আবৃত্তি ও নজরুল সংগীত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দীন স্টালিন। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচারপতি সিকদার মকবুল হক এবং সঞ্চালনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি পরিষদের মহাসচিব মিলন মল্লিক। স্বাগত বক্তব্য রাখেন ‘পূবের হাওয়া’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাচী। অনুষ্ঠানের আয়োজন করে ‘পূবের হাওয়া’ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি পরিষদ। এতে সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত ছিলেন।
সম্মাননা গ্রহণ শেষে মোশাররফ হোসেন খান চৌধুরী আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, মোশাররফ হোসেন খান চৌধুরী দীর্ঘ ৪৪ বছর প্রবাসজীবনে কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি (বিশ্ববিদ্যালয়) কলেজ’ অন্যতম।
সালাউদ্দিন/সাএ