লালমনিরহাটে এনসিপি নেতা রাসেল আহমেদের বিরুদ্ধে তামাক চাষী সমিতির বিরুদ্ধে অপপ্রচার এবং বাজার নিয়ন্ত্রণ চেষ্টা এবং সিন্ডিকেট তৈরীর চেষ্টার অভিযোগ উঠেছে।
বুধবার(২০ মে) দুপুরে জেলা তামাক চাষী সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্যে সমিতির সভাপতি আব্দুল মোনায়েম সিদ্দিক মিলন দাবি করেন, এনসিপি উত্তরাঞ্চলের সংগঠক রাসেল তামাক চাষীদের বিভ্রান্ত করতে এবং নিজেদের ফায়দা লুটতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়াচ্ছেন। মূলত একটি স্থানীয় সিন্ডিকেট ও দালাল চক্র তামাকের বাজার নিজেদের নিয়ন্ত্রণে নিতেই এই পাঁয়তারা শুরু করেছে।
চাষী নেতারা বলেন, এই চক্রটি অতীতেও তামাক বিক্রয় প্রক্রিয়ায় মধ্যস্বত্বভোগী হিসেবে সাধারণ কৃষকদের ব্যবহার করে সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকার পরও তারা নতুন করে সিন্ডিকেট গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে, যাতে তামাকের বাজারকে নিজেদের কব্জায় রাখা যায়।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, তামাক চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং শোষণমুক্ত বাজার বজায় রাখার লক্ষ্যে ইতিমধ্যেই জেলা প্রশাসনের মাধ্যমে ক্রেতা প্রতিষ্ঠানগুলোর কাছে ২২ দফা দাবি উপস্থাপন করা হয়েছে। যার বেশ কিছু দাবি ইতিমধ্যে পূরণ হয়েছে এবং বাকিগুলো বাস্তবায়নের পথে রয়েছে। প্রশাসনের এই ইতিবাচক উদ্যোগকে আড়াল করতেই একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। নেতারা আরও উল্লেখ করেন, এবারের মৌসুমে বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে তামাকের গুণগত মান কিছুটা কম হলেও, সেই অজুহাতে যেন চাষীদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না করা হয়। তামাকের সঠিক গ্রেডিং ও ন্যায্য দাম নিশ্চিত করতে তারা জেলা প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে লালমনিরহাট জেলা তামাক চাষী সমিতির সহ-সভাপতি নুরনবী নয়ন, সাধারণ সম্পাদক হবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিঠু, দপ্তর সম্পাদক আব্দল আলীম প্রমূখ উপস্থিত ছিলেন।