কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রচণ্ড ঝড় আর বৃষ্টি দেখে মাঠে বাঁধা গরু আনতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৪৫) । বুধবার বিকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্ব কেদার গ্রামে এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তি ওই গ্রামের হোসেন আলীর ছেলে। বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানালেন, আজ বুধবার (৩ জুন) বিকালে হঠাৎ বৃষ্টি ও বজ্রসহ ঝড় শুরু হয়। এ সময় মাঠে বাঁধা গরু আনতে যান আনোয়ার হোসেন। গরু নিয়ে বাড়ি ফেরার পথে খোলা মাঠে তার ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরো জানান, বজ্রপাতের পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আনোয়ার হোসেনের কোমর থেকে বুক পর্যন্ত অংশ পুড়ে গেছে। পরে তাকে উদ্ধার করে বাড়িতে আনা হয়।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস জানালেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।