Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

উত্তর কোরিয়ার নির্বাচনে ৯৯.৯৩ শতাংশ ভোটে জয়ী কিমের ওয়ার্কার্স পার্টি

ঢাকা ইনফো২৪
মার্চ ১৯, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ণ
Link Copied!

উত্তর কোরিয়ায় ১৫তম ‘সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি’ (এসপিএ) এর নির্বাচন সম্পন্ন হয়েছে। গত রবিবার (১৫ মার্চ) দেশব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে কিম জং-উনের ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি ৯৯.৯৩ শতাংশ সমর্থন পেয়ে বিজয়ী হয়েছে।

দেশটির সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ ফলাফল ঘোষণা করে জানিয়েছে, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল ৯৯.৯৯ শতাংশ।

উত্তর কোরিয়ার নামমাত্র আইনসভা সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি (এসপিএ) এর জন্য ৬৮৭ জন প্রতিনিধি নির্বাচিত করতে এ ভোট অনুষ্ঠিত হয়। অতীতের নির্বাচনগুলোর মতোই এবারও প্রতিটি নির্বাচনি এলাকায় ভোটারদের সামনে কেবল একজন করে পূর্ব-অনুমোদিত প্রার্থীকে উপস্থাপন করা হয়েছিল এবং তাদেরকে শুধুমাত্র সমর্থন বা প্রত্যাখ্যান করার সুযোগ দেওয়া হয়েছিল।

কেসিএনএ এর প্রতিবেদন অনুযায়ী, এ নির্বাচনে প্রার্থীদের বিরুদ্ধে মাত্র ০.০৭ শতাংশ ভোট পড়েছে। বিশ্বের অন্যতম কঠোরভাবে নিয়ন্ত্রিত রাষ্ট্রে ভিন্নমতাবলম্বী ভোটাররা কারা হতে পারেন, তা নিয়ে পরিসংখ্যানটি দ্রুতই অনলাইনে ব্যাপক দৃষ্টি আকর্ষণ করে। নেটিজেনদের মাঝে এ নিয়ে বেশ কিছু মজাদার প্রতিক্রিয়াও ছড়িয়ে পড়ে, যার বেশিরভাগই ০.০৭ শতাংশ ভোটারকে অত্যন্ত সাহসী’ অথবা ‘মৃত’ বলে অভিহিত করেছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম এ ফলাফলকে জনগণের অবিচল ঐক্য এবং বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি নিরঙ্কুশ সমর্থনের নিদর্শন হিসেবে বর্ণনা করলেও, বহিরাগত পর্যবেক্ষকরা বরাবরই এ নির্বাচনি প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এদিকে, রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে আরও জানানো হয়, কিম জং উন একটি কয়লা খনিতে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। সেখানে তিনি উত্তর কোরিয়ার অর্থনীতি ও তার পঞ্চবার্ষিক পরিকল্পনায় কয়লা শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। এ সময় কিম তার ছোট বোন কিম ইয়ো-জং-সহ জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে শাসনকার্য চালিয়ে যাওয়ার পাশাপাশি দেশকে আধুনিকীকরণের প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সুত্র: দ্য পিয়ংইয়ং টাইমস।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।