বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদ যদি ইনসাফের ভিত্তিতে পরিচালিত হয়, তাহলে দেশেও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।
রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অধিবেশনের শুরুতে নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-কে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানান তিনি। পাশাপাশি সংসদে কোরআনের আয়াত ও হজরত আবু বকর (রা.)-এর শাসনামলের উদাহরণ তুলে ধরায় তাকে ধন্যবাদ জানান।
ডেপুটি স্পিকারের নিরপেক্ষতার প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দেশের জনগণ এমন একটি সংসদ প্রত্যাশা করে, যা সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হবে। তিনি আরও উল্লেখ করেন, ডেপুটি স্পিকারের চেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকেই ন্যায়বিচারের বার্তা প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি বলেন, ডেপুটি স্পিকার যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন এবং সবার ন্যায্য অধিকার নিশ্চিত করেন, তবে বিরোধী দল তার সব যৌক্তিক পদক্ষেপে সহযোগিতা করবে।
মানুষ হিসেবে ভুল হওয়া স্বাভাবিক—এ কথা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ডেপুটি স্পিকার যদি কোনো ভুল করেন, তবে তা গঠনমূলকভাবে সংশোধনে সহযোগিতা করবে বিরোধী দল।
শেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
কুশল/সাএ
