Dhakainfo24
ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

বনদস্যু নির্মূল করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বন বিভাগের নিয়মানুযায়ী আজ থেকে দু’মাসের জন্য সুন্দরবনে মধু সংগ্রহের অনুমতি পেল সাতক্ষীরা রেঞ্জের মৌয়ালরা। এ বছর সুন্দরবনের সাতক্ষীরা ও খুলনা রেঞ্জের জন্য এক হাজার ৮০০ কুইন্টাল মধু এবং ৯০০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বনবিভাগ। তবে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে চরম হতাশায় সংশ্লিষ্ট মৌয়ালরা।

তাদের মন্তব্য, উদ্বোধনের আগেই অবৈধভাবে বন উজাড় করে দিয়েছে অসাধু জেলেরা। পারমিশন নিয়ে সুন্দরবনে প্রবেশের পর জানা যাবে আসল চিত্র। লোক দেখানো উদ্বোধনী এই অনুষ্ঠানের আগেই মোটামুটি মধুশূন্য হয়ে পড়েছে সুন্দরবন। প্রতি বছর সিজন শুরুর আগেই ভেজাল ব্যবসায়ী, অসাধু বনজীবী ও বনবিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় সুন্দরবন মধুশূন্য হয়ে পড়ে। তবে এ বছর মধু আহরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে পেয়ে অনেক উচ্ছ্বসিত মৌয়ালরা।

প্রতিমন্ত্রীকে পেয়ে গাবুরা ইউনিয়নের মৌয়াল আবু মুছা বলেন, বাংলাদেশ সরকার সরাসরি মৌয়ালদের কাছ থেকে মধু সংগ্রহ করুক, না হলে আমরা যে মৌয়াল সেই মৌয়ালই থেকে যাচ্ছি। মাঝখান থেকে মধ্যস্বত্বভোগীরা সুবিধা পাচ্ছে।

বুধবার (১ এপ্রিল) সকাল দশটায় সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সুন্দরবনের মধু উৎসব। বিভাগীয় বন কর্মকর্তা ইমরান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি নেতা শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান কবির। তিনি সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবি জানান।

তিনি বনবিভাগে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ারি করে বলেন, জেলে হয়রানি বন্ধ করুন। শ্যামনগর উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুর রহমান ভারত ও বাংলাদেশের মধ্যকার আইনি জটিলতা আইন প্রণয়ন করে সমাধান করে বাংলাদেশী জেলেদের অধিক মৎস্য আহরণের সুযোগ করে দেওয়ার দাবি জানান। শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ বলেন, প্রতি বছরই মধু উৎসবে একই রকম দাবি করা হয় কিন্তু তার বাস্তবায়ন হয় না।

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান বলেন, সুন্দরবনে দস্যুতার পিছনে রাজনৈতিক নেতাদের হাত রয়েছে বলে অভিযোগ আছে। বনবিভাগের একটা বড় অংশ জলদস্যুদের সহযোগিতা করে। বনবিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে। সুন্দরবনে পাঁচ মাস কমানো যায় কিনা? বন্ধের সময় জেলেদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে হবে। সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতউল্লাহ পলাশ বলেন, সুন্দরবন উপকূলের এই অঞ্চলটি সমৃদ্ধশালী একটি এলাকা হিসেবে পরিচিতি পেতে পারে, সেক্ষেত্রে সরকারের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৬ এর সিও লেফটেন্যান্ট কর্নেল মিস্টার আহমেদ সত্য তথ্য দিয়ে আমাদের সহযোগিতা আমরা বিশ্বাস করি সুন্দরবন দস্যুমুক্ত হবে।

বর্ডার গার্ড বাংলাদেশের সিও লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার রাজিব বলেন, সীমান্তে নিরাপত্তা দেওয়া বিজিবির মূল কাজ, তবে আমরা সক্ষমতা অনুযায়ী কাজ করে যাচ্ছি। সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে দস্যুতা নির্মূলে অগ্রণী ভূমিকা রাখবে বিজিবি।

সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মো. আরিফিন জুয়েল বলেন, বনদস্যু অন্য জেলা থেকে আসেনি। যারা এই অপকর্মের সাথে যুক্ত তারা এই উপজেলা বা পার্শ্ববর্তী উপজেলারই। তাদের সংখ্যাও খুব বেশি না, আমরা ইনশাল্লাহ এটি নির্মূল করতে সক্ষম হব।

সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আক্তার বলেন, সুন্দরবন শুধু এই অঞ্চলের সম্পদ নয়, এটি গোটা বিশ্বের সম্পদ, সুতরাং আমাদের এটিকে রক্ষা করতে হবে। তিনি আরো বলেন, এই অঞ্চলে সুপেয় পানির প্রচন্ড অভাব, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে, আমরা বেড়িবাঁধ সংরক্ষণ করতে চাই কিন্তু কিছু দুষ্কৃতিকারী বেড়িবাঁধ ছিদ্র করে লবণ পানি ঢুকাচ্ছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে শ্যামনগর সংসদীয় আসনের এমপি গাজী নজরুল ইসলাম বলেন, জলদস্যু নির্মূলে জেলা ও উপজেলা প্রশাসনকে বারবার তাগিদ দেয়া হয়েছে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করতে আমি দেখিনি। নাম ধরে ধরে জলদস্যুদের চিহ্নিত করতে হবে। নির্দিষ্ট সময় অনুযায়ী সুন্দরবনের অভয়ারণ্যে প্রবেশ করে প্রাকৃতিক সম্পদ আহরণ করা যায় কিনা সে বিষয়ে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা, আইন-শৃঙ্খলা বাহিনীর সামনে দিয়েই সুন্দরবন হরিণ পাচার হচ্ছে, সুন্দরবনের জলাশয়ে জেলেদের মাছ ধরার অধিকারের দাবি, ক্ষমতার দাপটে ভারতীয় জেলেরা বাংলাদেশী সীমানায় মাছ ধরা বন্ধ, কাছিকাটা ও হরিণটানা এলাকায় স্থায়ীভাবে বিজিবির ক্যাম্প স্থাপন করতে হবে, এছাড়া শ্যামনগরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

খুলনার বিভাগীয় বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, একটি মৌমাছি সারাজীবনে ৫২ হাজার কিলোমিটার ঘুরে একটি চা চামচের ১২ ভাগের ১ ভাগ মধু আহরণ করে। এটা আল্লাহর নিয়ামত। বনবিভাগের কিছু কিছু কর্মকর্তা-কর্মচারী বনদস্যুদের সাথে সরাসরি জড়িত থাকার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, নাম মেনশন করেন আমরা তাৎক্ষণিক তাকে চাকরিচ্যুত করব। খুলনার বন সংরক্ষণ কর্মকর্তা নির্দ্বিধায় স্বীকার করলেন, বনদস্যুদের কাছে বন বিভাগ দুর্বল।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বনদস্যু আমাদের সমাজের অংশ। তাদের চিহ্নিত করে প্রশাসনকে তথ্য দিন, তাহলেই দেখবেন বনদস্যু নির্মূল হবে। বনদস্যু নির্মূল করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। তিনি আরো বলেন, বিষ দিয়ে মৎস্য শিকার করলে আগামীতে মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যাবে, এটি আত্মহত্যার সমান। বিষ দিয়ে আহরণ করা মাছ কোনো আড়ৎতে বিক্রি হলে আড়ৎদারকেও গ্রেফতারের আওতায় আনা হবে। এই প্রত্যন্ত এলাকার সুপেয় পানি নিশ্চিতকরণে সরকারি সহযোগিতার পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিও কাজ করার কথা উল্লেখ করেন।

নিয়ম মেনে গোলপাতা আহরণের পারমিশন দেয়া হবে, কোনো নৌকা অনিয়ম করলে পরবর্তী বছর তাকে পারমিশন দেয়া হবে না, প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে অনলাইন ডেটাবেজ তৈরি করা হবে, ফ্যামিলি কার্ড, বিভিন্ন ভাতা প্রদান, কথা বলা বা বাড়িঘর উন্নয়নের রাজনীতি আমরা করতে চাই না, ইমাম, মোয়াজ্জিন, খ্রিস্টান, হিন্দু ও পুরোহিত সম্মানিত করা হয়েছে, একযোগে ৫৪টি জেলায় খাল খনন করা হয়েছে, দশ হাজার টাকা পরিমাণ কৃষি ঋণ মওকুফের ব্যবস্থা করা হয়েছে, সুন্দরবনের মধু আমাদের জন্য অমূল্য সম্পদ, দয়া করে কেউ ভেজাল দিবেন না।

মাননীয় প্রধানমন্ত্রী সুন্দরবনকে সুরক্ষা করতে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানান তিনি। অনুষ্ঠানে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম মোল্লা, দ্বীপ ইউনিয়ন গাবুরার চেয়ারম্যান জি এম মাছুদুল আলম।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।