কুমিল্লার বুড়িচং পেট্রোল পাম্পে তেল নিতে যানবাহনের দীর্ঘ লাইনের কারণে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যাত্রীরা।
বৃহস্পতিবার (২ মার্চ) সকাল থেকেই বুড়িচং সদরের একমাত্র পেট্রোল পাম্পে মোটরসাইকেলের (বাইকার) দীর্ঘ সারি দেখা যায়। পাম্পের সামনে কয়েকশ’ মিটার পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে চালকদের। এতে আশপাশের সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।
স্থানীয় সূত্রে জানা যায়, জ্বালানি তেলের সম্ভাব্য সংকট ও মূল্য বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ায় হঠাৎ করেই পাম্পগুলোতে ভিড় বেড়ে যায়। অনেকে প্রয়োজনের তুলনায় বেশি তেল নেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী এক মোটরসাইকেল চালক বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, এখনো তেল নিতে পারিনি। কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে।আরেক চালক সুমন জানান,দীর্ঘ লাইনের কারণে কয়েক ঘণ্টা নষ্ট হচ্ছে। ৫০০ টাকার তেল দিবে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে অনেকে দূর থেকেও তেল নিতে এসেছে।
এদিকে যানজটের কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী লোকজনও দুর্ভোগে পড়েছেন। অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারে না।
বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও তানভীর হোসেন জানায়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও বিশৃঙ্খলা সৃষ্টি না হয় প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান জানায়, তেলের পাম্প থেকে জ্বালানি তেল নিতে আশেপাশে অসংখ্য মোটরসাইকেল সকাল থেকে ভীড় করছে। সেখানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমি নিজেও আছি। তেল সবাই পাচ্ছে -সড়কে যানজট রয়েছে। তবে স্বাভাবিক অবস্থানে আনতে পুলিশ কাজ করে যাচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, অযথা আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে জ্বালানি গ্রহণ করলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে।
