ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের ভোরাঘাট সেতু দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে।
স্থানীয়দের ভাষায়, এটি এখন আর সেতু নয়—মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে সংস্কার বা পুনর্নির্মাণ না হওয়ায় সেতুটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তবুও বাধ্য হয়ে প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে পারাপার করছেন। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীদের জন্য এটি একমাত্র ভরসা। স্থানীয়রা জানান, সেতুটির ওপর দিয়ে ভারী কোনো যানবাহন চলাচল করতে পারে না। ফলে কৃষিপণ্য পরিবহন, জরুরি রোগী আনা–নেওয়া এবং দৈনন্দিন যোগাযোগ ব্যবস্থায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় অটোরিকশা চালকরাও আতঙ্ক নিয়ে সেতুটি পার হন। একসঙ্গে দুটি অটোরিকশা চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
এলাকাবাসীর অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে করে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিতে পারে। স্থানীয়দের দাবি, প্রতিদিন শত শত মানুষের চলাচলের একমাত্র ভরসা এই সেতুটি দ্রুত ভেঙে নতুন করে নির্মাণ করা হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ যাতায়াতকারী সহ স্থানীয় এলাকাবাসী।
