মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষিতে সরকার দেশের সব দোকান ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
সমিতি প্রস্তাব করেছে যে, দোকানপাট সন্ধ্যা ৬টার বদলে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হোক। এ পরিস্থিতিতে সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় দোকান খোলার বিষয়টিও বিবেচনা করা হোক।
শুক্রবার (০৩ মার্চ) সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ এবং সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান যৌথভাবে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই অনুরোধ জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির স্ট্যান্ডিং কমিটির এক জরুরি ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে প্রায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী ও আড়াই কোটি কর্মচারীর জীবিকা বিবেচনায় এনে ঢাকাসহ সারা দেশে দোকান ও শপিংমল বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানানো হয়।
কুশল/সাএ
