ভারতের বিরুদ্ধে ‘দুঃসাহসিকতার’ জবাবে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। প্রয়োজনে পশ্চিমবঙ্গের কলকাতাকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
The Times of India-এর এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (৪ এপ্রিল) শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
খাজা আসিফ বলেন, কোনো ধরনের উসকানি পেলে ইসলামাবাদ কলকাতাকে লক্ষ্যবস্তু করতে পারে। তার অভিযোগ, ভারত একটি ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান চালানোর চেষ্টা করতে পারে।
লাহোর থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরের নিজ শহর শিয়ালকোটে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, ভারত যদি এমন কোনো অভিযান চালায়, তবে তার জবাব আরও বিস্তৃত পরিসরে দেওয়া হবে, যা কলকাতা পর্যন্ত গড়াতে পারে।
তিনি দাবি করেন, এমন ইঙ্গিত রয়েছে যে, এই ধরনের অভিযানে স্থানীয় কর্মী বা ভারতীয় হেফাজতে থাকা পাকিস্তানিদের ব্যবহার করে একটি ঘটনা সাজানো হতে পারে। কিন্তু এই অভিযোগের সমর্থনে তিনি কোনো প্রমাণ দেননি।
এরআগে বৃহস্পতিবার খাজা আসিফ বলেছিলেন, যেকোনো হামলার জবাবে পাকিস্তানের প্রতিক্রিয়া হবে ‘দ্রুত, সুপরিকল্পিত এবং চূড়ান্ত।’
কুশল/সাএ
