ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল অনুযায়ী বিএনপি জোট সংরক্ষিত নারী আসনে ৩৬টি আসন পাচ্ছে। এ আসনগুলোতে কারা মনোনয়ন পাচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা-কল্পনা।
এ বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে ত্যাগী ও পরীক্ষিত নেত্রীদেরই অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, “রাজনীতিতে যারা দীর্ঘদিন ধরে পরীক্ষিত এবং সংসদে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম, তাদেরই গুরুত্ব দেওয়া হবে। সংসদ নেতা সব শ্রেণির প্রতিনিধিত্ব নিশ্চিত করবেন বলেই আমরা বিশ্বাস করি।”
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। এরপর ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
বাতিল মনোনয়নের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হবে ২৬ এপ্রিল, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। ২৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
সব প্রক্রিয়া শেষে আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
