পেট্রল নেওয়াকে কেন্দ্র করে গাইবান্ধার পলাশবাড়ীতে মোটরসাইকেল চালকদের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর ফিলিং স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাময়িকভাবে পেট্রল বিক্রি বন্ধ রাখা হয়েছে।
এ ঘটনায় রেজওয়ান নামের এক যুবককে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) পলাশবাড়ী শহরের বাশকাটা এলাকায় মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এসময় কাওছার (২৫), জাহিদ (২৩) ও শিহাব (২২) নামের তিন যুবক গুরুতর আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগত রাত থেকেই পেট্রলের জন্য ফিলিং স্টেশনে অপেক্ষা করছিলেন মোটরসাইকেল চালকরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পেট্রল সরবরাহ শুরু হলে স্টেশনের দুই পাশে দীর্ঘ লাইন তৈরি হয়। দুপুরের দিকে দিকে সিরিয়াল ভেঙে পেট্রল নেওয়াকে কেন্দ্র করে কয়েকজন যুবকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনজন যুবক আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে ফিলিং স্টেশনটিতে পেট্রল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
গাইবান্ধা সহকারী পুলিশ সুপার এবিএম রশীদুল বারী জানান, ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুশল/সাএ
