ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মৃত দুই শিশু হলো—মাদারীপুরের শিবচর উপজেলার সন্নাসীচর এলাকার মো. সেলিমের সাত মাস বয়সী মেয়ে সাবিহা এবং রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা গ্রামের জসিমের ছয় মাস বয়সী ছেলে আয়াতুল্লাহ। জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, হাম রোগের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সাবিহা বুধবার (৮ এপ্রিল) রাতে এবং আয়াতুল্লাহ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৭ জন শিশু হাম রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৮৫ জন শিশু এ উপসর্গে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ১০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এছাড়া এখন পর্যন্ত জেলায় হাম রোগের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
