Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

৩২ ঘণ্টার জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিলো রাশিয়া

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১০, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

অর্থডক্স ইস্টার উপলক্ষে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যুদ্ধবিরতির ঘোষণা দেন। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তার দেশও এই সিদ্ধান্ত মেনে চলবে। শুক্রবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা

এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, শনিবার (১১ এপ্রিল) মস্কো সময় বিকেল ৪টা থেকে যুদ্ধবিরতি শুরু হয়ে রোববার মধ্যরাত পর্যন্ত চলবে। এই সময়সীমা দুই দেশেই পালিত ইস্টার উৎসবকে কেন্দ্র করে নির্ধারণ করা হয়েছে।

রাশিয়ার পক্ষ থেকে আরও বলা হয়, ‘আমরা ধরে নিচ্ছি ইউক্রেনও রাশিয়ার উদাহরণ অনুসরণ করবে। একইসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলৌসভ প্রধান সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভকে এই সময়ের জন্য সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।’ তবে কোনো লঙ্ঘন হলে রুশ বাহিনী প্রস্তুত থাকবে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

অন্যদিকে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন আগেই এমন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল এবং তারা একইভাবে প্রতিক্রিয়া জানাবে। ইউক্রেন বারবার বলেছে, আমরা পারস্পরিক পদক্ষেপের জন্য প্রস্তুত। আমরা ইস্টারের সময় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলাম এবং সে অনুযায়ী কাজ করব।’ তিনি আরও বলেন, ‘মানুষের জন্য হুমকিমুক্ত একটি ইস্টার প্রয়োজন এবং এটি শান্তির দিকে একটি বাস্তব পদক্ষেপ হতে পারে। রাশিয়ার সুযোগ আছে ইস্টারের পরও হামলায় না ফেরার।’

তবে যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর জানান, রুশ গোলাবর্ষণ ও বিমান হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। রাশিয়া প্রায় ৩০ বার ড্রোন ও গোলাবর্ষণের মাধ্যমে অঞ্চলের তিনটি জেলায় হামলা চালিয়েছে বলেও জানান তিনি।

এ ধরনের স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির নজির আগেও রয়েছে। গত বছরও মস্কো এমন একটি বিরতির ঘোষণা দিয়েছিল, তবে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ তোলে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।