Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণ মামলায় মূল আসামীকে পালানোর সুযোগ, মা-বোন গ্রেফতার

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১০, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজ শিক্ষার্থীর সঙ্গে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপনের পর প্রতারণার অভিযোগ উঠেছে সৌদি প্রবাসী যুবক দিপু (২৫)-এর বিরুদ্ধে।

অভিযোগ দায়েরের চার দিন পর মামলা রুজু হওয়ায় এই সময়ের মধ্যে অভিযুক্ত দিপু আত্মগোপনে চলে যায়। পরে তাকে গ্রেফতার করতে না পেরে পুলিশ তার মা মোসাম্মৎ বেগম (৫০) ও বোন রুপা আক্তার (৩৫)-কে গ্রেফতার করে আদালতে পাঠায়।

জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী গত ৫ এপ্রিল রাতে শিবালয় থানায় দিপুর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, প্রাইভেট পড়ার সূত্রে তাদের পরিচয় হয় এবং এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় আট বছর ধরে তাদের সম্পর্ক চলছিল। এ সময় দিপু বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে।

অভিযোগ অনুযায়ী, চলতি বছরের ২৭ মার্চ রাতে দিপু শিক্ষার্থীর বাড়িতে গিয়ে আবারও তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এরপর থেকে সে বিভিন্ন অজুহাতে তাকে এড়িয়ে চলতে থাকে। গত ৫ এপ্রিল ভুক্তভোগী শিক্ষার্থী বিয়ের দাবিতে দিপুর বাড়িতে গেলে দিপু ক্ষুব্ধ হয়ে তাকে গালাগাল করে। এ সময় দিপুর মা, বোন ও বাবা শহর খলিফাসহ আরও কয়েকজন মিলে তাকে মারধর করে বলে অভিযোগ করা হয়। মারধরের এক পর্যায়ে তাকে মাটিতে ফেলে দেওয়া হয় এবং সে গুরুতর আহত হয়। একই সময় দিপুর বোন তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী জানান, ঘটনার সময় দিপু তাকে জোর করে একটি রিকশায় তুলে অজ্ঞাত স্থানে নেওয়ার চেষ্টা করে, তবে স্থানীয়দের বাধায় তা ব্যর্থ হয়। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

থানায় নেওয়ার পর স্থানীয় ইউপি সদস্যসহ উভয় পক্ষকে নিয়ে ওসির কক্ষে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয় এবং সাত দিনের সময় দেওয়া হয়। তবে অভিযোগকারী দাবি করেন, বিষয়টি গুরুত্বসহকারে নেওয়া হয়নি। পরে তিনি লিখিত অভিযোগ জমা দেন।

ভুক্তভোগী বলেন, “সে আমার সঙ্গে প্রতারণা করেছে। এখন বিয়ে ছাড়া আমার আর কোনো পথ নেই। আমি তাকে নিয়েই সংসার করতে চাই।” ভুক্তভোগীর মা জানান, ঘটনার দিন তিনি স্থানীয় লোকজন ও এক ইউপি সদস্যকে নিয়ে দিপুর বাড়িতে গেলে সেখানে মীমাংসার বৈঠক বসে। তিনি অভিযোগ করেন, বিয়ের পরিবর্তে দিপুর পরিবার টাকা দেওয়ার প্রস্তাব দেয়, যা তারা প্রত্যাখ্যান করেন। পরে বিয়ের আশ্বাস দিয়ে এলাকার কয়েকজন তার কাছ থেকে ৫০ হাজার টাকা নেয় বলেও তিনি দাবি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নূরুল ইসলাম জানান, অভিযুক্ত দিপু বর্তমানে পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে তার মা ও বোনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, মামলার এজাহারে তারা আসামি হওয়ায় তাদের ধর্ষণ মামলায় আদালতে পাঠানো হয়েছে।

তবে শারীরিক সম্পর্ক স্থাপনে তারা জড়িত ছিল কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একই মামলার আসামিদের আলাদা ধারায় পাঠানোর সুযোগ নেই।

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ভিন্ন বক্তব্য দেন। তিনি জানান, অভিযোগ পাওয়ার পর প্রাথমিক তদন্ত শেষে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত দিপুকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাকে পালানোর সুযোগ দেওয়া হয়নি বলেও তিনি দাবি করেন।

ওসি আরও বলেন, প্রবাসী যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হলেও তার মা ও বোনকে মারধরের অভিযোগে দণ্ডবিধির ৩২৩ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।