বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুরে গোসল করতে নেমে মো. আব্দুর রউফ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে দুপচাঁচিয়া পৌর এলাকার বন বিভাগের একটি সরকারি পুকুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রউফ উপজেলার জে কে কলেজ এলাকার প্রবাসী মুকুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর পৌনে ১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের বন বিভাগের পুকুরে গোসল করতে যায় শিশু আব্দুর রউফ। সাঁতার না জানায় একপর্যায়ে সে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা ও স্বজনরা। শিশুটির অকাল মৃত্যুতে ওই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কুশল/সাএ
